অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুর-১ এলাকায় স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তের ভিত্তিতে অভিযোগপত্র দেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার যেকোনো অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন কোনো ঘটনা নেই। কোথাও কোনো ধরনের ত্রুটি থাকলে তা সরকারের নজরে আনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধ সংঘটিত হবে এবং সমাজে অপরাধ থাকবেই। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।
এদিকে ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেল পরীক্ষায় অনুপযুক্ত হওয়া এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকাসহ বিভিন্ন কারণে চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটিই শেষ প্রজ্ঞাপন নয়। পরবর্তী সময়ে আরও প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারণ করা হয়েছে।
রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না জানিয়ে তিনি বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে গুরুতর কোনো অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি আবেদনের সুযোগ পাবেন।
৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, একজন গায়ে আগুন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সবাইকে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
-স্বাধীন/এমএ
অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

