মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Aug 27, 2026 - 18:09
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আলোচিত মক্কা চুক্তিকে বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। তবে এই চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে দেশ কীভাবে লাভবান হতে পারে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়। তবে এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

প্রায় এক বছর ধরে আলোচনার পর গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন।

মক্কায় চুক্তিটি সম্পন্ন হওয়ায় এর কৌশলগত গুরুত্বের পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে গাজা-ইসরাইল যুদ্ধের পর থেকেই এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা জোরালো হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে। মক্কা চুক্তিকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের মতামত পাওয়া গেছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খানের মতে, বাংলাদেশ এই প্রতিরক্ষা জোটে যোগ দিলে সামরিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তবে এতে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কাও রয়েছে।

-স্বাধীন/ এমএ

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
লোগো
Aug 27, 2026

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta