উদ্ভাবন ও বিনিয়োগের সেতুবন্ধনে শুরু ইনোভেশন ফেয়ার
রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ মেলায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলার লক্ষ্য দেশের উদ্ভাবনগুলোকে নীতিগত সহায়তা, বিনিয়োগ, শিল্পখাত ও সম্ভাব্য বাজারের সঙ্গে যুক্ত করা। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
মেলায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবক, গবেষক, শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা নিজেদের প্রযুক্তি ও নতুন ধারণা তুলে ধরছেন। শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতার অংশগ্রহণের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে এক হাজারের বেশি উদ্ভাবন।
আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীর পাশাপাশি মেলায় বিভিন্ন বিষয়ে আলোচনা, প্লেনারি সেশন, প্যারালাল সেশন ও গোলটেবিল বৈঠক থাকছে। এসব আয়োজনে নীতিনির্ধারক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি, বিনিয়োগকারী ও উদ্ভাবকেরা অংশ নেবেন।
উদ্ভাবনকে শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকভাবে কাজে লাগানোর পথ তৈরি করাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে মেলায় ‘ইনোভেশন হাব’ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্ভাবকদের অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব এবং বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
-স্বাধীন দিগাস্ত/এস
উদ্ভাবন ও বিনিয়োগের সেতুবন্ধনে শুরু ইনোভেশন ফেয়ার

