নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী
যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণবিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবপাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। এর মাধ্যমে প্রতারক, অপরাধী ও মাফিয়ারা অর্থ উপার্জন করে। মানুষের জীবনের বিনিময়ে তারা বিপুল অর্থ হাতিয়ে নেয়। সরকার এই পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার প্রতিরোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মানবপাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত ও বিস্তৃত করা হয়েছে, যাতে এর বিভিন্ন ধরন আইনের আওতায় আনা যায়। ২০২৬ সালের মানবপাচার আইনে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধনের মাধ্যমে অনলাইন জুয়া, পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। পাশাপাশি মানবপাচারের বিভিন্ন দিক মোকাবিলায় আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানবপাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে। এরপর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
মানবপাচার প্রতিরোধে কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যথেষ্ট সতর্ক। তবে তাদের জনবল সংকট রয়েছে। অভিযোগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা, উপযুক্ত প্রমাণসহ বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
দেশে মানবপাচার আগের তুলনায় কমেছে দাবি করে আইনমন্ত্রী বলেন, মানবপাচার এখন আর আগের মতো ব্যাপক নয়। তবে বাংলাদেশে বেকারত্বের সংকট রয়েছে। জীবিকার সন্ধানে মানুষকে বিদেশে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়।
ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অনেকে পরবর্তী সময়ে অবৈধ অভিবাসীতে পরিণত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিদেশে যাওয়া অভিবাসীদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।
নাগরিকদের অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কিছু ঘাটতি থাকতে পারে, তবে এ বিষয়ে যেকোনো ভালো সুপারিশ সরকার স্বাগত জানায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।
-স্বাধীন/এমএ
নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

