শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন: মেজর হাফিজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ হিসেবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন তিনি। অথচ তার ভেতরেই গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মানসিকতা লুকিয়ে ছিল। স্বজনদের তিনি আশ্বস্ত করতেন যে, গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন তারা কোথায় রয়েছেন।
তিনি আরও বলেন, এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে শেখ হাসিনা এমনভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন যে, তখন সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারেনি। তবে এখন অনেক কিছুই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো এখন জনগণের সামনে উঠে এসেছে। তার দাবি, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন।
তিনি বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর ধরে গুম করে আয়না ঘরে বন্দি রাখা হয়েছিল। তার সঙ্গে কতটা নির্মম ও জঘন্য আচরণ করা হয়েছে, তা এখন প্রকাশ্যে এসেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি মুক্ত হন এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত সরকারের লুটপাটের প্রসঙ্গ তুলে ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার বলেন, বিগত সরকারের সময়ে এখানকার স্থানীয় সংসদ সদস্য ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে দিনের বেলায় তার নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো, রামদা দিয়ে কুপিয়ে আহত করা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করেন তিনি।
-স্বাধীন/এমএ
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন: মেজর হাফিজ

