২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বর্তমানে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এ দাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের বাজারে নতুন নির্ধারিত দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমেছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম কমেছে ৯৩৩ টাকা; এখন এর প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়।
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০০ টাকা কমানো হয়েছে। ফলে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস। পাশাপাশি বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর এক্সচেঞ্জে ১২ শতাংশ এবং পারচেজে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
-স্বাধীন দিগাস্ত/এস
২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

