ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় ডেসকোতে দোয়া মাহফিল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ডেসকোর প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ, নির্বাহী পরিচালক (এইচআর) এ জেড এম শারজিল হাসান, পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. রশিদুর রহমান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং, অ.দা.) মফিজুল ইসলাম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মুহা. মামুনুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি মো. সাজেদুল করিম, উপ-প্রশাসনিক কর্মকর্তা ও জিয়া পরিষদ ডেসকো শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ ডেসকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ডেসকো পরিবারের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
-স্বাধীন/এমএ
ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় ডেসকোতে দোয়া মাহফিল

