মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ শুরু হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে লাঠি হাতে হকারদের অবস্থান করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
জানা গেছে, মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
এ ছাড়া একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
-স্বাধীন/এমএ
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন

