চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা
নারীদের জন্য চালু হওয়া বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামার কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে বলাকা বাসটিকে জরিমানা করে।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পৌঁছানোর পর বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আইন অনুযায়ী বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু করা হয়েছে বিশেষ এই ‘মহিলা বাস সার্ভিস’, যা ‘পিংক বাস’ নামে পরিচিত। এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলোর চালক ও কন্ডাক্টর দুজনই নারী।
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হয়েছে এই বিশেষ বাস সার্ভিস। বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব পরিবহনব্যবস্থা এবং নারী চালকের মাধ্যমে বাস পরিচালনা সরকারের অঙ্গীকারের অংশ। এরই ধারাবাহিকতায় মোট ১৪টি বিশেষ বাস নিয়ে শুরু হয়েছে কার্যক্রম।
এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলাচল করবে। ঢাকায় চালু হওয়া ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং বাকি নয়টি দ্বিতল বাস।
- স্বাধীন /এমএ
চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

