আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ওসির পর এবার গুলশানের ডিসিকেও প্রত্যাহার

প্রকাশঃ Sep 16, 2026 - 19:45
ওসির পর এবার গুলশানের ডিসিকেও প্রত্যাহার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় গুলশান থানার ওসিকে প্রত্যাহারের পর এবার ওই বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে তাকে সদর দপ্তরে সংযুক্ত করার নির্দিষ্ট কোনো কারণ অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে বুধবার সকালে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। তাকেও প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় এরই মধ্যে ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

গুলশানের ওই মিছিলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপির অভ্যন্তরীণ বৈঠকেও আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের ঝটিকা মিছিল ও জমায়েত ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

-স্বাধীন/এমএ

ওসির পর এবার গুলশানের ডিসিকেও প্রত্যাহার
লোগো
Sep 16, 2026

ওসির পর এবার গুলশানের ডিসিকেও প্রত্যাহার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta