ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাতের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

প্রকাশঃ Sep 26, 2026 - 20:19
ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাতের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ডেঙ্গুমুক্ত নগর এবং অবৈধ দখলমুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনসিসির উদ্যোগে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত তিন মাস ধরে ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর গড়ার লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা শনাক্তে অভিযান চালানো হচ্ছে। কোথাও লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের জরিমানাও করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নগরবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে চিঠিটি নগরবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে। ডেঙ্গুমুক্ত নগর গড়তে নগরবাসী সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণ
মেট্রোরেলের পিলারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের পোস্টার-লিফলেট লাগানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক। নগরের সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের সব পিলার থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের নির্দেশ দেন।

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আর নোটিশ নয়
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত জনগণের অধিকার। সেখানে নিরাপদে মানুষের চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব।

তিনি বলেন, ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য করা ব্যক্তিদের আগে নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এখন থেকে আর কোনো নোটিশ দেওয়া হবে না। যেখানেই ফুটপাত দখল করা হবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

মিরপুর-১০-এ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন শেষে মেট্রোরেলের নিচে ব্যবসায়ীদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিশেষ বিন স্থাপন করা হয়। পরে প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে সেখানে আবারও অবৈধ স্থাপনা বসানো হলে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাতের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
লোগো
Sep 26, 2026

ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাতের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta