রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৭ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা ও একটি কাটার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২

