স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির

প্রকাশঃ Sep 27, 2026 - 18:13
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরে একটি স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

সালমান মুক্তাদির বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে। কিন্তু আপনি এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও মন্তব্যে বলেছেন, সালমান মুক্তাদির মামলা দায়ের করেননি। এমন বক্তব্য দিয়ে আপনি সরকারকেই ছোট করে ফেলেছেন।”

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না যে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আপডেটও তার কাছে নেই। দেশের নাগরিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা দূরত্ব রয়েছে, এ ঘটনা থেকেই তা বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।

সালমান দাবি করেন, ঘটনার পর ভোর ৪টা পর্যন্ত তিনি ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করেছিলেন। কেন আগে মামলা দায়ের করা হয়নি, সেই প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর দেশবাসীকে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যেখানে এই ঘটনা ঘটেছে, সেটি ঢাকা-১৭ আসন। ওটা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি বুঝতে পারছেন সেখানে এমন ঘটনা হওয়া সরকারের জন্য কতটা অসম্মানজনক?”

সালমান আরও বলেন, “আসলে আপনাদের কাছ থেকে আমি টাকা-পয়সা কিছু চাই না। আপনি পারলে কোনো অ্যাকশন নিয়ে দেখান। আমার যে ক্ষতি হয়েছে, আমি আবার শুরু করতে পারব। কিন্তু আপনি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।”

এর আগে রাজধানীর ইসিবি চত্বরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, চাঁদাবাজির কারণে নয়; বরং জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় সালমান মুক্তাদির কেন মামলা করেননি, সেই প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সালমান মুক্তাদির মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্তে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলেও তিনি জানান। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে।

এর পরই স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যের জবাব দেন সালমান মুক্তাদির।

-স্বাধীন/এমএ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
লোগো
Sep 27, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta