রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশঃ Sep 19, 2026 - 20:02
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে।

তবে আগুনের সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি বলে জানান তিনি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথসহ দুই শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে চলাচলকারী যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

-স্বাধীন/এমএ

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
লোগো
Sep 19, 2026

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta