রাজধানীতে গাড়িচাপায় তরুণ নিহত, ৯ লাখ টাকায় আপস
রাজধানীর বারিধারায় ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম (২৪) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তার পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় ‘আপস-মীমাংসা’ হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে অভিযুক্ত কিশোরকে হাজির করার পর এ তথ্য জানান আইনজীবী মো. আলমগীর হোসেন।
এদিন দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আয়াজকে আদালতে হাজির করা হয়। শুনানি শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী। তিনি জানান, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে।
আপসনামায় বলা হয়েছে, নিহত মেহেদী হাসান মিমের দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য এক লাখ টাকা এবং তার বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে নিহতের পরিবারকে মোট ৯ লাখ টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আপসনামায় আরও বলা হয়, নিহতের পরিবারের পক্ষ থেকে ৯ লাখ টাকা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলাটি প্রচলিত আইন ও আদালতের বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি বা প্রত্যাহারের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার কথা উল্লেখ রয়েছে।
এ ছাড়া অভিযুক্ত আয়াজ আলী শারীফ ও গাড়িচালক আকাশ মারকের জামিনের বিষয়ে আইনানুগভাবে আদালতে উপস্থিত থেকে আপত্তি না করা বা অনাপত্তি জানানোর ক্ষেত্রেও সহযোগিতার কথা বলা হয়েছে আপসনামায়। তবে এতে স্পষ্ট করা হয়েছে, মামলাটি আদালতের এখতিয়ার ও প্রচলিত আইন অনুযায়ীই নিষ্পত্তি হবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গুলশান থানার আওতাধীন বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকার ১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে সেখানে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-স্বাধীন/এমএ
রাজধানীতে গাড়িচাপায় তরুণ নিহত, ৯ লাখ টাকায় আপস

