যাত্রাবাড়ীতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
তিনি জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক বিল্লাল আহত হন। তিনি ভোলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার শহিদের ছেলে।
ওসি রাজু আহমেদ বলেন, ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে শুক্রবার রাতেও যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও এক রিকশাচালক আহত হন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।
-স্বাধীন/এমএ
যাত্রাবাড়ীতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

