ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ থেকে ৪৫ জন, ওয়ারী থেকে ৫০ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৬৭ জন, মিরপুর থেকে ১২৭ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির ওই কর্মকর্তা জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
-স্বাধীন/ এমএ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

