সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেফতার
রাজধানীর ইসিবি এলাকায় নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম চার নম্বরে রয়েছে।
গ্রেফতার হওয়া মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবা মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মা হাসমত আরা বেগম। ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে তার স্থায়ী ঠিকানা। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় বসবাস করেন।
এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করে ডিবি পুলিশ।
ওই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকেও আসামি করা হয়েছে।
-স্বাধীন/এমএ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেফতার

