রাজধানীতে সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
রাজধানীর উত্তরায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাদের থানায় নেওয়া হয়।
উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম জানান, সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বাসায় কেক কাটার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিসি রেজাউল করিম।
-স্বাধীন/এমএ
রাজধানীতে সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক

