জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহসংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতদের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
-স্বাধীন/এমএ
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

