রাজধানীতে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগের একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের বউবাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রাথমিক আইনগত প্রক্রিয়া শুরু করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
তিনি আরও জানান, মরদেহটি দুই থেকে তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে। পুলিশের কাছে থাকা তার ড্রাইভিং লাইসেন্স যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
-স্বাধীন/এমএ
রাজধানীতে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

