জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে বিশেষ নির্দেশনা ডিএমপির
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকায় আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা চলাকালে যানজট ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ সময় নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শোভাযাত্রার নির্ধারিত রুট হলো—শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।
ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রার পুরো রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দে পিএ বা সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকদের শুরুতেই নির্ধারিত স্থানে এসে অংশ নিতে হবে। মাঝপথে এসে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া শোভাযাত্রা চলাকালে নির্ধারিত রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। রাস্তায় অযথা দাঁড়িয়ে থেকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও অনুরোধ জানিয়েছে পুলিশ।
কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে। ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্যও অনুরোধ করা হয়েছে।
শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ডিএমপি। জন্মাষ্টমীর শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
-স্বাধীন/এমএ
জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে বিশেষ নির্দেশনা ডিএমপির

