ইচ্ছা থাকলেও এমন পরিস্থিতিতে পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম
মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন। এবার নিজের পোশাক, পর্দা করা এবং গণমাধ্যমে পুরোনো ছবি প্রকাশের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম জানান, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে চলাফেরা করছেন। তবে গণমাধ্যমে এখনো তার আগের সময়ের খোলামেলা পোশাকের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মেঘনা আলম লেখেন, “আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় দুই বছর। এদিকে মিডিয়া সব নিউজ করে আমার আগের ক্লিভেজ শো করা। একজন নারীর চয়েস, কমফোর্ট, মডেস্টি—সব কিছুর চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ।”
ইচ্ছা থাকলেও এমন পরিস্থিতিতে পর্দা করা সম্ভব নয় বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ ভিন্নমত জানিয়েছেন।
এর আগে ৬ সেপ্টেম্বর দেওয়া এক ফেসবুক পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেঘনা আলম। সেখানে তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। অথচ ধর্মীয় লেবাস অনুসরণ না করার কারণে তাকে নানা ধরনের অপবাদ দেওয়া হয়।
একজন নারীর পোশাক কিংবা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে তার ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করেন মেঘনা। একই সঙ্গে নারীর ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপনের সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানান তিনি।
সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনা করে মেঘনা আলম আরও বলেন, নৈতিকতা ও ধর্মের মুখোশ পরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিংবা ভাইরাল অডিও ছড়িয়ে পড়লেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এমন বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এ কেমন দুনিয়া?”
পুরোনো ছবি প্রকাশ করে বর্তমান জীবনযাপনকে বিচার করার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেঘনা আলম। তার মতে, একজন নারীর বর্তমান অবস্থান ও ব্যক্তিগত পরিবর্তনকে বিবেচনায় নেওয়া উচিত।
-স্বাধীন দিগাস্ত/এস
ইচ্ছা থাকলেও এমন পরিস্থিতিতে পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

