পরীমনির কোলে নবজাতক তিন নম্বর জন নিয়ে রহস্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। শিশুটির পরিচয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তাঁর নীরবতায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাঁর কোলে দেখা যায় ফুটফুটে এক শিশুকে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
পরীমনির এমন ছবি ও ক্যাপশন প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী? নাকি নতুন কোনো শিশুকে নিজের পরিবারের সদস্য হিসেবে যুক্ত করেছেন তিনি?
পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন পরীমনিকে প্রশ্ন করেন, ‘আর কয়টা নিবেন?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’
শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তাঁর মমত্বের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিকবার তিনি জানিয়েছেন, অনেক সন্তানের মা হতে চান। এমনকি একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।
এ কারণে নতুন ছবিটি প্রকাশের পর অনেকের ধারণা, হয়তো আবারও কোনো শিশুকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন পরীমনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে থাকার সময় তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ সন্তানদের সঙ্গে কাটান তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
এদিকে নতুন প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরীমনি পরিপাটি সাজে রয়েছেন। তাঁর কোলে ঘুমন্ত এক শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ জানতে চেয়েছেন কোলে থাকা শিশুটি আসলে কে?
তবে শিশুটির পরিচয় কিংবা ক্যাপশনে উল্লেখ করা ‘তিন নম্বর জন’ বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। ফলে তাঁর একটি ছবি ও ছোট্ট ক্যাপশন ঘিরেই চলছে নানা জল্পনা।
-স্বাধীন/ এস
পরীমনির কোলে নবজাতক তিন নম্বর জন নিয়ে রহস্য

