১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।
তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরী।
একাধিক সূত্রের দাবি, আপাতত বিয়ের বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এ কারণে পাত্রের পরিচয়সহ বিয়ের অন্যান্য আয়োজন নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি বলেছিলেন, তাঁর জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে সে সময় বিয়ের তারিখ কিংবা পাত্রের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরীর বিয়ে হয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। পূজা জানান, তাঁর এখনো বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।
এর কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন কিংবা বিয়ের পরের পরিকল্পনা—কোনো বিষয়েই এখনো বিস্তারিত জানা যায়নি।
ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা। সত্যিই ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন কি না, সেটি নিশ্চিত হতে এখন অপেক্ষা করতে হবে অভিনেত্রীর নিজের ঘোষণার জন্য।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। এবার বিয়ের খবর সত্যি হলে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখবেন এই অভিনেত্রী।
-স্বাধীন/ এস
১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী

