কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ
ফ্রান্সের প্যারিসে ২০১৬ সালে বন্দুকধারীদের হাতে ডাকাতির শিকার হওয়া মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী হিসেবে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এতে অবাক হওয়ার কিছু নেই—কিম নিজেই আদালতের কাছে ১ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
২০১৬ সালের অক্টোবর মাসে প্যারিসের একটি হোটেলে পুলিশের পরিচয়ে দুই ডাকাত কিম কার্দাশিয়ানের কক্ষে প্রবেশ করে। পরে বন্দুকের মুখে তাকে জিম্মি করে টেপ ও জিপ টাই দিয়ে বেঁধে ফেলা হয়। ডাকাতরা তার কাছ থেকে প্রায় ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না ও হীরা নিয়ে যায়।
ঘটনার পর কিম এই ডাকাতিকে তার জীবনের ‘সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেন। গত বছর এ ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলার আসামিদের মধ্যে কয়েকজনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে হওয়ায় ডাকাত দলটি ফ্রান্সে ‘লে পাপিস ব্রাক্যুর’ বা ‘দাদাদের ডাকাত দল’ নামে পরিচিতি পায়।
রায় ঘোষণার পর কিম কার্দাশিয়ান এবং ঘটনার সময় তার সঙ্গে থাকা স্টাইলিস্ট সিমোন হারুচে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। যৌথ বিবৃতিতে তারা বলেন, ঘটনার ট্রমা এখনো তাদের মনে রয়েছে। তাদের কাছে রায়ের গুরুত্ব অর্থের অঙ্কে নয়; বরং অপরাধের স্বীকৃতি ও ন্যায়বিচার পাওয়ার মধ্যেই এর গুরুত্ব।
সিমোন হারুচেও তার দাবি অনুযায়ী ১ ইউরো ক্ষতিপূরণ পেয়েছেন। অন্যদিকে, যে হোটেলে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেখানকার এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় তিনি মারাত্মকভাবে ভয় পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন বলে জানা যায়। হোটেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ।
কিমের আইনজীবী এই রায়কে বড় জয় হিসেবে উল্লেখ করেছেন। মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের কেউই নতুন করে কারাদণ্ড ভোগ করবেন না, কারণ তারা এরই মধ্যে আটক বা হাজতে থাকা সময়ের সাজা পূরণ করেছেন। তারা রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।
কিমের ভাষায়, এখন তারা এই কঠিন অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।
-স্বাধীন/এস
কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ

