শুটিং সেটে অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ফাঁস
শুটিং সেটে হঠাৎ বিপত্তিতে পড়েন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়। বিষয়টি বুঝে ওঠার আগেই নথটি গিলে ফেলেন অভিনেত্রী। এতে মুহূর্তের মধ্যেই সেটে উদ্বেগ তৈরি হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ নিজেই। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি শট দিতে যাওয়ার সময় হঠাৎ তার নাকের নথ খুলে মুখের ভেতর চলে যায়। এরপর তাকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।
পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটে থাকা অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। একইসঙ্গে অস্বস্তিও অনুভব করছিলেন তিনি। তবে এমন পরিস্থিতিতেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে কাজ চালিয়ে যান।
ভিডিওটি প্রকাশের পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেছেন তার অনুরাগীরা। অনেকেই কাজের প্রতি তার নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কাজের চেয়ে নিজের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি
এসটিআর
শুটিং সেটে অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ফাঁস

