অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের শোক, উঠল বিচার নিশ্চিতের দাবি

প্রকাশঃ Sep 20, 2026 - 10:54
অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের শোক, উঠল বিচার নিশ্চিতের দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ দেশের অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাও। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুকে অপ্রতিমের ছবি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে।’

তিনি আরও লেখেন, ‘একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না। একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর কোনো অপেক্ষা, কোনো সংবাদ হতে পারে কিনা আমি জানি না।’

অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিয়াম বলেন, ‘অপ্রতিমের বাবা-মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা।’

ঘটনার সঠিক কারণ উদঘাটনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরীও। তিনি লিখেছেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’

তিনি আরও লেখেন, ‘একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে পূজা চেরী বলেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা।’

শেষে অপ্রতিমের উদ্দেশে তিনি লেখেন, ‘অপ্রতিম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।

-স্বাধীন/এস

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের শোক, উঠল বিচার নিশ্চিতের দাবি
লোগো
Sep 20, 2026

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের শোক, উঠল বিচার নিশ্চিতের দাবি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta