সন্তানদের থেকে দূরে সেলিনা জেটলি, আবেগঘন বার্তা

প্রকাশঃ Sep 16, 2026 - 11:41
সন্তানদের থেকে দূরে সেলিনা জেটলি, আবেগঘন বার্তা

বিবাহবিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যে সন্তানদের থেকে দূরে রয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী সেলিনা জেটলি। ১৫ বছরের দাম্পত্যের পর স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সন্তানদের নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

মুম্বাইয়ের একটি আদালতে পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক হিংসা আইনে মামলা করেছেন সেলিনা। সন্তানদের পাশাপাশি সম্পত্তি নিয়েও দুজনের মধ্যে বিরোধ চলছে বলে জানা গেছে। অভিনেত্রীর অভিযোগ, তাকে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিন সন্তান উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে একটি আবেগঘন বার্তা লিখেছেন সেলিনা। সন্তানদের স্কুলের নতুন ক্লাস শুরুর দিনে পাশে থাকতে না পারার কষ্ট ফুটে উঠেছে তার লেখায়।

সেলিনা লেখেন, ‘এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে “স্কুলে যাচ্ছি মা” শুনতে পাব না।’

সন্তানদের স্কুলের বইয়ের মলাট লাগানোর পুরোনো স্মৃতিও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, একসময় সন্তানদের সঙ্গে বসে বইয়ে মলাট লাগাতেন। অস্ট্রিয়ায় স্কুল খোলার আগে সন্তানদের জন্য ভালোবেসে পাউরুটি ও নানা পদ রান্না করার কথাও স্মরণ করেছেন তিনি।

সেলিনা আরও লেখেন, ‘আমার প্রিয় উইনস্টন, বিরাজ ও আর্থার, স্কুলের প্রথম দিনের জন্য অনেক শুভেচ্ছা। মা এখনো তোমাদের স্কুলের নানা কাজের কথা মনে রেখেছে। আমরা একসঙ্গে বইগুলোতে মলাট লাগাতাম, আরও কত কী।’

সন্তানদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এবার দূর থেকে দেখতে হচ্ছে বলেও আক্ষেপ করেন সেলিনা। তার ভাষায়, ‘এবার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোও থাকতে পারব না। আমার মন ভেঙে গেছে।’

তবে বাবা-মায়ের মধ্যকার সমস্যার প্রভাব যেন সন্তানদের ওপর না পড়ে, সেটিই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘বড়দের মধ্যে যা-ই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা—দুজনেরই ভালোবাসা পাও।’

সন্তানদের উদ্দেশে সেলিনার বার্তা, তাদের কখনোই মা-বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। দুজনকেই ভালোবাসার অধিকার তাদের রয়েছে। একই সঙ্গে সন্তানদের আশ্বস্ত করে তিনি বলেন, তাকে তারা সবসময় পাশে পাবে এবং তার ভালোবাসায় কোনো শর্ত নেই। দূরত্বও সেই ভালোবাসা বদলে দিতে পারবে না।

-স্বাধীন/এস

সন্তানদের থেকে দূরে সেলিনা জেটলি, আবেগঘন বার্তা
লোগো
Sep 16, 2026

সন্তানদের থেকে দূরে সেলিনা জেটলি, আবেগঘন বার্তা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta