গণপতি বিসর্জনে খান পরিবার, আরতি করতে গিয়ে ভুল সালমানের
ধুমধাম করে ‘গণপতি বিসর্জন’ উদযাপন করেছে খান পরিবার। সোহেল খানের বাড়িতে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন বলিউড অভিনেতা সালমান খানও। ব্যস্ত শুটিংয়ের মধ্যেও সময় বের করে গণপতি বাপ্পার বিসর্জনে অংশ নেন ‘ভাইজান’।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সোহেল খানের বাড়িতে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় পুরো খান পরিবারকে একসঙ্গে দেখা যায়। সালমান ছাড়াও উপস্থিত ছিলেন তার মা সালমা খান, সৎমা হেলেন খান এবং দুই বোন আলভিরা খান ও অর্পিতা খান। পরিবারের ছোট সদস্যরাও উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে গণপতি বাপ্পার সামনে দাঁড়িয়ে আরতি করতে দেখা যায় সালমানকে। তবে আরতি শুরুর সময় সামান্য ভুল করেন তিনি। বিষয়টি বোন অর্পিতা খান তাকে মনে করিয়ে দিলে নিয়ম মেনে আবার আরতি করেন অভিনেতা। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিসর্জনের আয়োজনে পরিবারের ছোট সদস্যদেরও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। সোহেল খানের দুই ছেলে গণপতি বাপ্পার সেবায় অংশ নেন। আরহান খানকে তার চাচা আরবাজ খানের সঙ্গে বিসর্জনে অংশ নিতে দেখা যায়।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভান্তুরও। অফ-হোয়াইট শাড়িতে অনুষ্ঠানে হাজির হয়ে তিনিও গণপতি বাপ্পার আরতি করেন এবং আশীর্বাদ নেন। ইউলিয়ার আরতি করার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গণেশ মহোৎসব খান পরিবারের জন্য নতুন কিছু নয়। প্রতিবছরই পরিবারের সদস্যদের গণপতি পূজায় অংশ নিতে দেখা যায়। তবে এবার অর্পিতার পরিবর্তে সোহেল খান নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে আসেন। সেই উপলক্ষেই পরিবারের সদস্যরা একত্রিত হন।
সালমান খানের কাছেও গণপতি উৎসব বরাবরই বিশেষ। পরিবার ও বন্ধুদের আয়োজিত গণেশপূজায় প্রায়ই দেখা যায় তাকে। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশপূজাতেও অংশ নিয়েছিলেন তিনি। এবার পরিবারের সঙ্গে গণপতি বিসর্জনে যোগ দিয়ে বাপ্পাকে বিদায় জানালেন অভিনেতা।
শুটিং নিয়ে ব্যস্ত সালমান
কাজের ব্যস্ততাও কমেনি সালমানের। বর্তমানে নতুন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। মুম্বাইয়ে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের জন্য বিশাল সেট তৈরি করা হয়েছে। নয়নতারা, রাহুল দেবসহ অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে সেখানে শুটিং করছেন সালমান।
অ্যাকশননির্ভর এই সিনেমায় সালমানের নতুন লুক ও অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
এর পাশাপাশি ‘বিগ বস ২০’-এর শুটিংয়েও সময় দিচ্ছেন অভিনেতা। সপ্তাহে একদিন শুটিং করে ‘উইকেন্ড কা ওয়ার’-এর দুটি পর্ব একই দিনে ধারণ করছেন তিনি।
এদিকে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়েও আলোচনা চলছে। সিনেমাটি এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। বোর্ড সিনেমাটি এখনো দেখেনি এবং সার্টিফিকেট না পাওয়ায় মুক্তিও পিছিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
-স্বাধীন/এস
গণপতি বিসর্জনে খান পরিবার, আরতি করতে গিয়ে ভুল সালমানের

