জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আজ দুই উন্মুক্ত কনসার্ট
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকা সুরের মূর্ছনায় মুখরিত হচ্ছে। ‘৩৬ জুলাই’-এর চেতনা এবং আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় ওপেন-এয়ার কনসার্ট।
এতে দেশের জনপ্রিয় রক, হেভি মেটাল ও পপ ব্যান্ডের পাশাপাশি অংশ নিচ্ছেন একাধিক তারকা শিল্পী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর যৌথ আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। দুপুর ১টা থেকে দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত করা হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এই উন্মুক্ত কনসার্টের উদ্বোধনী পরিবেশনা করে রে-রে ব্যান্ড।
এরপর একে একে মঞ্চে ওঠে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস। কনসার্টের সমাপনী পরিবেশনা করবে দেশের কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ। আয়োজনটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।
অন্যদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট।
‘মনসুন কালচারাল অ্যালায়েন্স’ এবং ‘দেশ গড়তে জুলাই জাগরণ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর এবং ব্যান্ড নীল।
ব্যান্ড সংগীতের পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও গান পরিবেশন করবেন। এছাড়া জুলাই আন্দোলনে আলোচিত র্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজান বিশেষ পরিবেশনায় অংশ নেবেন।
দুটি কনসার্টকে ঘিরে বিপুল দর্শকসমাগমের সম্ভাবনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
-স্বাধীন দিগন্ত/ এমএ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আজ দুই উন্মুক্ত কনসার্ট

