মিশা-ওমর সানীর ঝগড়ায় রেফারি হন মৌসুমী
ঢালিউডের পরিচিত তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের সম্পর্ক বহুদিনের। সহকর্মী থেকে ধীরে ধীরে পারিবারিক ঘনিষ্ঠতায় রূপ নেওয়া এই সম্পর্কের নানা গল্পই এবার মজার ছলে তুলে ধরেছেন ওমর সানী।
সম্প্রতি স্ত্রী মৌসুমী ও মিশা সওদাগরের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন ওমর সানী। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ লেখায় দুই বন্ধুর খুনসুটি, ঝগড়া এবং তাদের সম্পর্কের নানা মজার দিক তুলে ধরেন তিনি।
ওমর সানীর ভাষ্য, মিশার সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগেই থাকে। তবে সেটি আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই অংশ। দুজনের এমন ‘মারামারি’ হলে মাঝেমধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নেন মৌসুমী, আমিন খান, অমিত হাসান ও অভি।
মিশা সওদাগর যখন যুক্তরাষ্ট্রে যান, তখন তাকে মিস করেন বলেও জানান ওমর সানী। মজা করে তিনি বলেন, মিশা আমেরিকায় গেলে তার মন ভালো থাকে না এবং তখন মনে হয়, তাকে কেন সঙ্গে নেওয়া হলো না। তবে পরিবারের কারণে মিশাকে মাঝেমধ্যে সেখানে যেতে হয়—এটিও তিনি জানেন বলে উল্লেখ করেন।
দুই বন্ধুর এই মজার দ্বন্দ্বেরও যেন আলাদা নিয়মকানুন রয়েছে। ওমর সানী জানান, তাদের ‘ঝগড়া’ নিয়ন্ত্রণে হলুদ ও লাল কার্ডের দায়িত্ব রয়েছে মিশার দুই ছেলে এবং তার নিজের ছেলে-মেয়ের হাতে।
ওমর সানীর এমন মজার পোস্টে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারিবারিক ঘনিষ্ঠতার বিষয়টি যেমন উঠে এসেছে, তেমনি সহকর্মীদের সঙ্গে তার আন্তরিক সম্পর্কের চিত্রও ফুটে উঠেছে।
-স্বাধীন দিগাস্ত/এস
মিশা-ওমর সানীর ঝগড়ায় রেফারি হন মৌসুমী

