ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া ভাট!
সাম্প্রতিক সময়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কয়েকটি সিনেমা আশানুরূপ সাফল্য না পেলেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।
বরং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তিনি এখন ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ এমন তথ্যই উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৯৩.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। সামগ্রিক তালিকায় তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন এবং নারী তারকাদের মধ্যে শীর্ষে আছেন। এমনকি ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে নিজের স্বামী রণবীর কাপুরকেও ছাড়িয়ে গেছেন আলিয়া।
রণবীরের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৬১ কোটি টাকা। সামগ্রিক তালিকায় তার অবস্থান দশম।
নারী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮৯.২ মিলিয়ন ডলার বা ৮৪৯ কোটি টাকা। এরপরই রয়েছেন রশ্মিকা মন্দানা। তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৭৫.২ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭১৬ কোটি টাকা।
দক্ষিণী ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই ধারাবাহিক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করায় রশ্মিকার জনপ্রিয়তাও বেড়েছে।
তালিকায় কারিনা কাপুর খান ১৫তম, কিয়ারা আদভানি ১৭তম, কৃতি শ্যানন ১৮তম, অনন্যা পাণ্ডে ১৯তম এবং জাহ্নবী কাপুর ২৩তম স্থানে রয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে কোনো তারকার ব্র্যান্ড ভ্যালু শুধু সিনেমার সাফল্যের ওপর নির্ভর করে না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ, আন্তর্জাতিক পরিচিতি এবং নিজস্ব ব্যবসাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলিয়ার ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, নিজস্ব উদ্যোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা তার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৮ কোটিরও বেশি।
-স্বাধীন দিগন্ত/ এমএ
ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া ভাট!

