পরিবার নিয়ে লালবাগচা রাজার পূজামণ্ডপে শাহরুখ খান
গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানি।
সোমবার (২১ সেপ্টেম্বর) শাহরুখ খানের আগমনে লালবাগচা রাজার পূজামণ্ডপে ভক্ত-অনুরাগীদের ভিড় জমে যায়। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে জড়ো হন অসংখ্য মানুষ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পূজামণ্ডপে প্রবেশ করেন শাহরুখ।
এদিন শাহরুখকে দেখা যায় নীল রঙের কুর্তায়। মেয়ে সুহানা খান পরেছিলেন সবুজ রঙের ঐতিহ্যবাহী পোশাক। অন্যদিকে গৌরী খানকে দেখা যায় হলুদ রঙের এথনিক পোশাকে।
এ বছরের গণেশোৎসবে লালবাগচা রাজার পূজামণ্ডপে আরও বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি ও সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকে।
এর আগে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘আস্কএসআরকে’ পর্বে ভক্তদের সঙ্গে কথা বলেন শাহরুখ খান। সেখানে পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন নিয়েও কথা বলেন তিনি।
এক ভক্ত বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন সম্পর্কে জানতে চাইলে শাহরুখ জানান, তার স্ত্রী আরতি করেন, এরপর তারা প্রার্থনা করেন। সন্তান ও বন্ধুরাও এ আয়োজনে যোগ দেন। সবাই মিলে আড্ডা, হাসি-আনন্দে সময় কাটান। শাহরুখের ভাষায়, এটি তাদের জন্য খুবই সাধারণ ও পারিবারিক একটি সময়।
শাহরুখের পরবর্তী সিনেমা
শাহরুখ খানকে পরবর্তী সময়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। একই সময়ে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’র মতো বড় বাজেটের সিনেমাও মুক্তির তালিকায় রয়েছে।
-স্বাধীন/এস
পরিবার নিয়ে লালবাগচা রাজার পূজামণ্ডপে শাহরুখ খান

