ছোটপর্দায় অভিষেক হতে পারে কোয়েল মল্লিকের
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দার পরিচিত মুখ। এবার নাকি ছোটপর্দায় নিজেকে নতুনভাবে তুলে ধরার কথা ভাবছেন এই অভিনেত্রী। সব ঠিক থাকলে প্রথমবারের মতো কোনো বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে তাকে।
জানা গেছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য একটি নতুন বাংলা ধারাবাহিকে অভিনয়ের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। জনপ্রিয় একটি কোরীয় গল্পের বাংলা সংস্করণ হিসেবে তৈরি হতে যাওয়া এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই কোয়েলের ছোটপর্দায় আসা নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। তবে এখনো চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থা কিংবা কোয়েল মল্লিকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত সম্ভাবনার পর্যায়েই রয়েছে।
ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে নন-ফিকশন অনুষ্ঠান ‘কথা ও কাহিনি’-তে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। তবে কোনো বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে এখনো অভিনয় করেননি তিনি।
এদিকে বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরেকটি সিনেমার শুটিংও শুরু করেছেন এই অভিনেত্রী।
দুটি সিনেমার কাজের পাশাপাশি ছোটপর্দায় নতুন সম্ভাবনা—সব মিলিয়ে কোয়েল মল্লিককে ঘিরে টালিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি ধারাবাহিকে অভিনয় করবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
-স্বাধীন/এস
ছোটপর্দায় অভিষেক হতে পারে কোয়েল মল্লিকের

