প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ আকবর
দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ছোটখাটো অপরাধ নিয়ে ব্যাপক আলোচনা হলেও দেশবিরোধী লুটপাট ও দুর্নীতির বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয় না বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ।
পোস্টে তিনি লেখেন, ছোটখাটো চুরি বা অনিয়মের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এসব ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও বড় ধরনের দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটের বিষয়গুলো তুলনামূলকভাবে আড়ালে থেকে যায়।
তিনি আরও লেখেন, রাজনীতিকে হাতিয়ার বানিয়ে এক শ্রেণির মানুষ দেশকে ক্ষতিগ্রস্ত করছে। সাধারণ মানুষ প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তাদের নেতৃত্বে আস্থা রাখলেও শেষ পর্যন্ত তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আসিফের ভাষ্য, উচ্চশিক্ষিত একটি গোষ্ঠী নানা কৌশলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, আর সাধারণ মানুষ সেই ব্যবস্থার শিকার হয়। এভাবেই রাজনীতি ও সমাজব্যবস্থার একটি চক্র দীর্ঘদিন ধরে চলমান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর প্রসঙ্গও টানেন। পাশাপাশি সাম্প্রতিক ক্রীড়াঙ্গনের কিছু বিষয় উল্লেখ করে সাফ ফুটবলের নেতৃত্ব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করেন। তার দাবি, এসব ঘটনা একই ধারাবাহিকতার অংশ।
পোস্টের শেষাংশে আসিফ লেখেন, দেশের সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী তরুণ প্রজন্ম। তার ভাষায়, “প্রাণ দেবে তারুণ্য, ভুগবে তার পরিবার, এনজয় করবে এলিট শ্রেণি, আর হাততালি দেবে কাঙালের দল—এটাই নিয়ম।”
প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ আকবর

