বিমান নিয়ে মন্তব্য নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশঃ Sep 8, 2026 - 11:54
বিমান নিয়ে মন্তব্য নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

বিমান নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামের একটি বিমান সংস্থা।

গান্ধীনগরের আদালতে করা মামলায় সংস্থাটির অভিযোগ, তাদের চার্টার্ড বিমান নিয়ে নোরা ফাতেহির করা মন্তব্যে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ‘ডিউনস অ্যাভিয়েশন’-এর একটি বিমানে ভ্রমণ করেন নোরা। বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও ধারণ করে সেগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেসব ভিডিওতে বিমানটি নিয়ে কিছু মন্তব্যও করেন অভিনেত্রী।

মামলায় সংস্থাটি দাবি করেছে, নোরা ফাতেহি বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দে উল্লেখ করেছিলেন। অভিনেত্রীর বিপুলসংখ্যক অনুসারী থাকায় মন্তব্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সংস্থাটির অভিযোগ, নোরার মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং যথাযথ প্রযুক্তিগত জ্ঞান ও তথ্য যাচাই ছাড়াই করা। এর ফলে তাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে।

‘ডিউনস অ্যাভিয়েশন’-এর দাবি, বিতর্কের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য আর্থিক ও সুনামগত ক্ষতির মুখে পড়েছে বলে আদালতে জানিয়েছে তারা।

বিমান নিয়ে সংস্থার ব্যাখ্যা

নোরা ফাতেহির মন্তব্যের পর নিজেদের বিমানের সক্ষমতা নিয়েও ব্যাখ্যা দিয়েছে ‘ডিউনস অ্যাভিয়েশন’। তাদের দাবি, অভিনেত্রী যে বিমানটিতে ভ্রমণ করেছিলেন, সেটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়; বরং নির্দিষ্ট যাত্রার জন্য উপযুক্ত আকারের একটি ‘স্ট্যান্ডার্ড’ বিমান।

সংস্থাটি আরও জানিয়েছে, বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) অনুমোদিত এবং উড্ডয়নের জন্য সম্পূর্ণ উপযোগী।

ক্ষতিপূরণের পাশাপাশি কনটেন্ট সরানোর আবেদন

মামলায় নোরা ফাতেহির কাছে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বিমান সংস্থাটি। পাশাপাশি বিমানটি নিয়ে অভিনেত্রীর করা মন্তব্যসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট পোস্ট ও অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ চাওয়া হয়েছে।

তবে ‘ডিউনস অ্যাভিয়েশন’-এর করা এসব অভিযোগ ও মামলার বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-স্বাধীন দিগাস্ত/ এস

বিমান নিয়ে মন্তব্য নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা
লোগো
Sep 8, 2026

বিমান নিয়ে মন্তব্য নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta