পারিবারিক গল্পে নতুন নাটক ‘ছোট ছেলে’, মুক্তি ৬ আগস্ট

প্রকাশঃ Aug 4, 2026 - 15:55
পারিবারিক গল্পে নতুন নাটক ‘ছোট ছেলে’, মুক্তি ৬ আগস্ট

এক সময় অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই আবহকে স্মরণ করিয়ে এবার নতুন গল্প ও নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে আসছে পারিবারিক নাটক ‘ছোট ছেলে’।

পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, আবেগ এবং প্রজন্মের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

নাটকটির গল্প লিখেছেন মেজবা উদ্দিন সুমন। পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব।

নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘ছোট ছেলে’ একটি আবেগঘন পারিবারিক গল্প। এর অনেক মুহূর্তই দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেতে সাহায্য করবে। চরিত্রটি তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বলেও জানান তিনি। তার বিশ্বাস, নতুন প্ল্যাটফর্ম সান ড্রামার প্রথম প্রযোজনা হিসেবে নাটকটি দর্শকদের ভালো লাগবে।

সুনেরাহ বিনতে কামাল বলেন, তিনি সবসময় গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করেন। ‘ছোট ছেলে’-এর গল্প, চরিত্র ও পুরো টিমের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে তিনি আনন্দিত। দর্শকদের নাটকটি উপভোগ করার পাশাপাশি সান ড্রামার এই নতুন যাত্রায় পাশে থাকার আহ্বানও জানান তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া জানিয়েছে, শুধু নাটক নির্মাণ নয়, দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও অন্যান্য ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আগামী ৬ আগস্ট সান ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ছোট ছেলে’। একই সঙ্গে নাটকটির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম সান ড্রামা।

পারিবারিক গল্পে নতুন নাটক ‘ছোট ছেলে’, মুক্তি ৬ আগস্ট
লোগো
Aug 4, 2026

পারিবারিক গল্পে নতুন নাটক ‘ছোট ছেলে’, মুক্তি ৬ আগস্ট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta