বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার
দক্ষিণী অভিনেত্রী ও বিজয়ের কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে তামিলনাড়ুর বিরোধীদলীয় ও ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) তাঞ্জাভুরে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
অভিনেত্রী তৃষা কৃষ্ণন ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়কে নিয়ে করা একটি বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুতে সম্প্রতি তাঞ্জাভুরে অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশে উদয়নিধির বক্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। সমাবেশে উপস্থিত ডিএমকে সমর্থকেরা বারবার ‘তৃষা, তৃষা’ স্লোগান দেন। উদয়নিধি সেই স্লোগানের প্রতিক্রিয়া জানান।
ক্ষমতাসীন তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) অভিযোগ, বক্তব্যের সময় তিনি অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন এবং মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধেও কটূক্তি করেন। এরপর শাসক দল সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ এফআইআর নথিভুক্ত করে।
শাসক দল টিভিকের মতে, উদয়নিধির মন্তব্য শালীনতার সীমা অতিক্রম করেছে এবং নারীর মর্যাদা ক্ষুণ্ন করেছে। এজন্য উদয়নিধি স্ট্যালিনের কাছে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান হয়েছে।
এই ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনেরও ঘোষণা করেছে টিভিকে। দলটির বিধায়ক রেভন্থ চরণ মন্তব্য করেছেন, এই ধরনের বক্তব্য ‘অত্যন্ত জঘন্য’ এবং এটি রাজনীতির ক্রমাবনতিশীল মানসিকতার প্রতিফলন।
বিজেপিও এই ঘটনায় উদয়নিধি স্ট্যালিনকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। তামিলনাড়ু বিজেপির মুখ্য মুখপাত্র নারায়ণন তিরুপতি অভিযোগ করেছেন, উদয়নিধির মন্তব্য ‘অশ্লীল, কুরুচিকর ও লজ্জাজনক’। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বিজেপি।
তবে ডিএমকের দাবি, উদয়নিধি তৃষার নাম উল্লেখ করে কোনো ব্যক্তিগত মন্তব্য করেননি। দলের মুখপাত্র টি.কে.এস. এলাঙ্গোভান বলেন, তিনি কেবল সরকারের সমালোচনা করেছেন এবং তার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে।
উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে হওয়া মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেও দাবি করেছে ডিএমকে। দলটির নেতারা অভিযোগ করেছেন, বিরোধী কণ্ঠ দমনে রাজ্য সরকার আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করছে। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।
এসটিআর
বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

