প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে ফিরছেন ঐশ্বরিয়া
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্যামারের ঝলক। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে তার উপস্থিতিও বরাবরই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই ধারাবাহিকতায় আবারও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতির জানান দিতে প্রস্তুত এই বলিউড তারকা।
প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এ আয়োজন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর।
এবারের আয়োজনের মূল ভাবনা—‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।
লরিয়াল প্যারিসের দূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঐশ্বরিয়া। তাই এবারের আয়োজনেও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, র্যাম্পে তার উপস্থিতি শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরা হবে।
তবে শুধু র্যাম্পে হাঁটাই নয়, এবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ। এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’।
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রঙ। ফলে তার পোশাক ও সাজসজ্জার পাশাপাশি মেকআপ নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ এরই মধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের আসরেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে।
ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।
সব মিলিয়ে প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। র্যাম্পে তার উপস্থিতিতে সৌন্দর্য ও গ্ল্যামারের নতুন ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
-স্বাধীন/এস
প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে ফিরছেন ঐশ্বরিয়া

