সালমান শাহ হত্যা মামলায় আটক ডন
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনকে আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রোর (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর। তিনি বলেন, ‘আমরা ডনকে এনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।’
সিআইডি সূত্রে জানা গেছে, ডন সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা ও জল্পনা থাকলেও তদন্তে কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। জনপ্রিয় এই চিত্রনায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে তার পরিবার। তার মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপ নেবে।
মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।
সালমান শাহ হত্যা মামলায় আটক ডন

