আশা ভোঁসলেকে স্মরণ করে রুনা লায়লা: ‘আপনাকে খুব মনে পড়ে’

প্রকাশঃ Sep 26, 2026 - 16:10
আশা ভোঁসলেকে স্মরণ করে রুনা লায়লা: ‘আপনাকে খুব মনে পড়ে’

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ ছাড়িয়ে পাকিস্তান ও ভারতেও রয়েছে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। উপমহাদেশের বহু কিংবদন্তি শিল্পীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের নন্দিত সংগীতশিল্পী আশা ভোঁসলে।

দীর্ঘদিনের বন্ধুত্বের সেই সম্পর্কের ইতি ঘটে চলতি বছরের এপ্রিলে আশা ভোঁসলের প্রয়াণের মধ্য দিয়ে। তবে প্রিয় বন্ধুর স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন রুনা লায়লা।

আশা ভোঁসলের অসংখ্য গান আজও শ্রোতাদের মনে অমলিন। রুনা লায়লার সুরেও একটি গান গেয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী। সেই গান রেকর্ডিংয়ের পুরোনো স্মৃতি সম্প্রতি সামনে এনেছেন রুনা লায়লা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন এই শিল্পী। ভিডিওতে রুনা লায়লার সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের স্মৃতিচারণ করেন আশা ভোঁসলে।

‘রুনা আমার খুব ভালো বন্ধু’

ভিডিওতে আশা ভোঁসলেকে বলতে শোনা যায়, রুনা লায়লার সঙ্গে তার বন্ধুত্বের শুরু হয়েছিল একটি কাজের সূত্রে। তিনি বলেন, রুনার সঙ্গে প্রায় এক থেকে দেড় মাস দুবাইয়ে থাকার সময় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।

রুনাকে উদ্দেশ করে আশা ভোঁসলে আরও বলেন, মাঝে মাঝে তার ইচ্ছে করে ঢাকায় গিয়ে রুনার সঙ্গে বসে খাবার খেতে। তবে ব্যস্ততার কারণে তা হয়ে ওঠে না।

রেকর্ডিংয়ের প্রসঙ্গে আশা ভোঁসলে বলেন, গানটি রুনা লায়লাই তৈরি করেছেন। তিনি ভালোভাবে গানটি গাওয়ার চেষ্টা করবেন বলেও জানান।

‘আপনাদের কাছ থেকেই তো আমরা শিখেছি’

আশার কথার জবাবে রুনা লায়লা বলেন, ভালো গাওয়ার বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বরং তাদের মতো শিল্পীদের কাছ থেকেই প্রজন্মের পর প্রজন্ম শিখেছে এবং এখনো শিখছে।

আশা ভোঁসলে গানের অলংকার বা ‘হরকত’-এর প্রসঙ্গ তুললে রুনা বলেন, এসবও তারা আশাদের কাছ থেকেই শিখেছেন। তার মতো হাজারো, লাখো মানুষ এখনো তাদের কাছ থেকে শিখছেন।

স্মৃতির ভিডিওতে আবেগঘন রুনা

পুরোনো ভিডিওটি শেয়ার করে রুনা লায়লা লিখেছেন, কয়েক বছর আগের সেই আনন্দময় মুহূর্তগুলো এখনো তার মনে গেঁথে আছে। আশা ভোঁসলে তার ছোট্ট প্রজেক্টে গান গাইতে রাজি হওয়ায় তিনি ভীষণ আনন্দিত হয়েছিলেন।

রুনা লিখেছেন, আশা ভোঁসলের সঙ্গে আরও অনেক গান করার ইচ্ছে ছিল তার। স্মরণীয় কিছু সৃষ্টি করার সুযোগ করে দেওয়ায় প্রিয় ‘আশা দিদি’র প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

শেষে রুনা লায়লা লিখেছেন, ‘আপনাকে খুব মনে পড়ে। আপনি যেখানে থাকুন শান্তিতে থাকুন।’

রুনার সুরে আশার গান

প্রায় সাত বছর আগে ‘লেজেন্ডস ফরএভার’ নামে একটি সংগীত প্রজেক্ট করেছিলেন রুনা লায়লা। এতে তার সুরে গান গেয়েছিলেন উপমহাদেশের চার কিংবদন্তি শিল্পী—আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলি খান, হরিহরণ ও আদনান সামি।

আশা ভোঁসলের গাওয়া গানটির শিরোনাম ছিল ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। গানটির কথা লিখেছেন কবির বকুল।


-স্বাধীন/এস

আশা ভোঁসলেকে স্মরণ করে রুনা লায়লা: ‘আপনাকে খুব মনে পড়ে’
লোগো
Sep 26, 2026

আশা ভোঁসলেকে স্মরণ করে রুনা লায়লা: ‘আপনাকে খুব মনে পড়ে’

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta