দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা, মন্দিরে রণবীরের সঙ্গে পূজা

প্রকাশঃ Sep 19, 2026 - 18:12
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা, মন্দিরে রণবীরের সঙ্গে পূজা

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে যান এই তারকা দম্পতি। সেখানে ভক্ত ও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।

সন্তান জন্মের আগে আশীর্বাদ নিতেই দীপিকা ও রণবীর মন্দিরে গিয়েছেন বলে ধারণা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের নেটিজেন। এ সময় দুজনকে হাত ধরে মন্দিরচত্বরে প্রবেশ করতে দেখা যায়।

মন্দিরে দীপিকার পরনে ছিল ভারি কারুকাজ করা লালচে-বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ছিল ওড়না ও বেগুনি রঙের পাজামা। খোঁপায় জড়ানো ছিল গজরা। অন্যদিকে রণবীর সিং পরেছিলেন বেগুনি রঙের কুর্তা ও সাদা পাজামা।

এ দিন মন্দিরে রণবীরের বাবা জগজিৎ সিং ভবনানী ও মা অঞ্জু ভবনানীকেও দেখা যায়। পুরো পরিবারকে একসঙ্গে মন্দিরে দেখে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে—খুব শিগগিরই কি দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন দীপিকা-রণবীর?

এর আগে ২০২৪ সালেও কন্যাসন্তান দুয়ার জন্মের আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। ৬ সেপ্টেম্বর মন্দিরে পূজা দেওয়ার দুই দিন পর, ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি।

বড় পর্দায় ফিরছেন দীপিকা

মেয়ে দুয়ার জন্মের পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার বড় পর্দায় ফিরতে প্রস্তুত তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে দেখা যাবে তাকে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা খান, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াতও অভিনয় করছেন।

এরপর অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমায়ও দেখা যাবে দীপিকাকে। এতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

ব্যস্ত রণবীরও

অন্যদিকে রণবীর সিংকে সর্বশেষ দেখা গেছে ২০২৫ সালের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। বর্তমানে তার হাতে রয়েছে ‘প্রলয়’ সিনেমা। এ সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

এ ছাড়া ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমাকে ঘিরেও আলোচনায় ছিলেন রণবীর। সন্তান জন্মের পর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

-স্বাধীন/এস

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা, মন্দিরে রণবীরের সঙ্গে পূজা
লোগো
Sep 19, 2026

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা, মন্দিরে রণবীরের সঙ্গে পূজা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta