‘বিয়ের তাগিদ অনুভব করি না, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন’

প্রকাশঃ Sep 26, 2026 - 22:01
‘বিয়ের তাগিদ অনুভব করি না, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন’

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ৪৭ বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী।

তবে জীবনের এই পর্যায়ে এসে বিয়ের প্রতি আগের মতো কোনো আগ্রহও অনুভব করেন না বলে জানিয়েছেন রাইমা। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

হলিউড তারকা টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন রাইমা। তাই মজা করে তাকে প্রশ্ন করা হয়, টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি তিনি এখনো একা? জবাবে রাইমা বলেন, ‘আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

মেয়ের বিয়ে নিয়ে এখন চিন্তা নেই মুনমুনের

রাইমার বিয়ে না করা নিয়ে মা মুনমুন সেনের চিন্তা হয় কি না—এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী।

রাইমা বলেন, ‘আগে করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

‘শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন’

মা হওয়ার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নে রাইমা জানান, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে সন্তান ও সংসারের দায়িত্ব সামলানো নিয়ে তার কিছুটা ভয়ও কাজ করে।

তিনি বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কিনা। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

ভবিষ্যতের কথা ভেবে তিনি আগেই ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজ করিয়ে রেখেছেন বলেও জানান রাইমা। একই সঙ্গে তার অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন—শুধু মা হওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই।

নতুন সিনেমায় রাইমা

রাইমাকে সামনে দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।


-স্বাধীন/এস

‘বিয়ের তাগিদ অনুভব করি না, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন’
লোগো
Sep 26, 2026

‘বিয়ের তাগিদ অনুভব করি না, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন’

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta