পরিবার ও ধর্মীয় আয়োজনে পপির জন্মদিন
এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবেই কাটিয়েছেন চিত্রনায়িকা পপি। সিনেমার সহকর্মীদের নিয়ে বড় কোনো আয়োজন নয়, বরং পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও ধর্মীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশেষ দিনটি পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
জন্মদিনের শুরুতেই নামাজ আদায় করেন পপি। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে উদযাপন করেন দিনটি। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। তার জন্মদিন উপলক্ষে একটি মসজিদে মিলাদ এবং এতিমখানায় কোরআন খতমের ব্যবস্থাও করা হয়েছিল।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করে পপি জানান, রাত ১২টার পর নামাজ আদায় করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করতে পেরে তার ভালো লেগেছে।
তবে আনন্দের মধ্যেও প্রয়াত বাবাকে গভীরভাবে স্মরণ করেছেন এই অভিনেত্রী। জন্মদিনে বাবাকে অনেক বেশি মনে পড়ছে বলে জানান তিনি। একই সঙ্গে জন্মদিনে শুভেচ্ছা জানানো সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পপি। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে অভিনয়জগতের বিভিন্ন কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে রয়েছেন পপি। চলচ্চিত্রের অনুষ্ঠান কিংবা গণমাধ্যমেও আগের তুলনায় তার উপস্থিতি খুব কম। এমন পরিস্থিতিতে জন্মদিন উপলক্ষে তার অনুভূতি প্রকাশ নতুন করে তাকে আলোচনায় এনেছে।
পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার পরিচিতি তৈরি হয়।
দুই বছর পর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন পপি। তার প্রথম অভিনীত সিনেমা ছিল ‘আমার ঘর আমার বেহেস্ত’। তবে তার আগে মুক্তি পায় ‘কুলি’, যা মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ জনপ্রিয় অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছেন পপি। বিশেষ করে শাকিল খানের সঙ্গে তার জুটি একসময় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
-স্বাধীন দিগাস্ত/এস
পরিবার ও ধর্মীয় আয়োজনে পপির জন্মদিন

