সূর্যাস্তের পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান

স্বরূপকাঠিতে অভিভাবক সমাবেশ ও এসএসসি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশঃ Aug 20, 2026 - 21:32
স্বরূপকাঠিতে অভিভাবক সমাবেশ ও এসএসসি শিক্ষার্থী সংবর্ধনা

কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করতে সরকারি নির্দেশনা অনুযায়ী সূর্যাস্তের পর শিক্ষার্থীদের বাইরে অবস্থান না করার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পিরোজপুরের স্বরূপকাঠিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জামাল খান সোহেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আক্তার হোসেন রিপন, অভিভাবক মোহাম্মদ শেখ, গোলাম মোস্তফা শেখ, মো. বদিউজ্জামান খান ও মো. নিয়াজ আহম্মেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তাদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল নজরদারি এবং শিক্ষকদের নিয়মিত তদারকি শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জামাল খান সোহেলের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

-স্বাধীন/ এমএ

স্বরূপকাঠিতে অভিভাবক সমাবেশ ও এসএসসি শিক্ষার্থী সংবর্ধনা
লোগো
Aug 20, 2026

স্বরূপকাঠিতে অভিভাবক সমাবেশ ও এসএসসি শিক্ষার্থী সংবর্ধনা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta