পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। পরে ওই মাইক্রোবাস উদ্ধার করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুকুরে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে মাইক্রোবাস ও জব্দ করা গাঁজা কসবা থানায় নিয়ে যাওয়া হয়।
কসবা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে সন্দেহ হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়।
তবে পুলিশের সংকেত উপেক্ষা করে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় চালকসহ গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যান।
পুলিশের সদস্যরা জানান, পানিতে ডুবে থাকা মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেনের সাহায্যে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন।
তিনি আরও বলেন, পুলিশের ধাওয়ার একপর্যায়ে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করা হয় এবং সেখান থেকে ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
-স্বাধীন/ এমএ
পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

