রংপুরে একই পরিবারের ৪ খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতার দুই যুবকের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। রোববার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার ভোররাতে নিহত গণপতি চক্রবর্তীর বাসার পাশের দেবপতির তিনতলা ভবন থেকে লাফিয়ে তার দোতলা বাসার ছাদে যায় ওই দুই যুবক। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। এ সময় গণপতি ছাদে গিয়ে বিষয়টি দেখে ফেলেন। তখন তারা তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গণপতির চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মেয়ে ছুটে এলে তাকে প্রথমে কাপড় দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে রশি দিয়ে তাকে হত্যা করা হয়। এরপর নিচে গিয়ে শিশুটিকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চারজনকে হত্যার পর অভিযুক্তরা বাথরুমে গোসল করে ডাইনিংয়ে বসে খেজুর ও ফ্রিজ থেকে শসা খায়। পরে তাদের কাছে থাকা অবশিষ্ট ইয়াবা সেবন করে। দিনের আলো হয়ে যাওয়ায় সুযোগ বুঝে জুমার সময় তারা বাড়ি থেকে বেরিয়ে যায়।
বিষয়টিকে ডাকাতি হিসেবে দেখাতে তারা বাড়ি তছনছ করে এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে লুট করা স্বর্ণালংকারগুলো রেখে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কমিশনার বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
রংপুরে একই পরিবারের ৪ খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

