খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় মৃত্যু ১ ও আক্রান্ত ২৬৭
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯ জন। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১২ জন রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত ১১ হাজার ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
একদিনে ভর্তি ২৬৭ জন
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৬৭ জনের মধ্যে ২১৩ জন সরকারি এবং ৫৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে খুলনা জেলা ও মহানগরের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন।
অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে ৩৬ জন, যশোরে ১৩ জন, সাতক্ষীরায় ১২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঝিনাইদহে ৯ জন, মাগুরায় ৭ জন, মেহেরপুরে ৭ জন, নড়াইলে ৬ জন এবং কুষ্টিয়ায় ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি না হলেও জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর তালিকায় খুলনা এগিয়ে
বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন এবং খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
উন্নত চিকিৎসায় ৩০৫ রোগী রেফার
উন্নত চিকিৎসার জন্য চলতি বছরে খুলনা বিভাগ থেকে এ পর্যন্ত ৩০৫ জন ডেঙ্গু রোগীকে ঢাকা ও অন্যান্য বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল থেকে কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
-স্বাধীন/এস
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় মৃত্যু ১ ও আক্রান্ত ২৬৭

