‘আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি’: ফেনীতে প্রধানমন্ত্রী
বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে দেশে আইন সবার জন্য সমান এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন। তাঁর অভিযোগ, গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। মানুষের দুঃখ-কষ্ট দূর করার ক্ষেত্রেও তৎকালীন সরকার কার্যকর ভূমিকা নেয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ সেই ‘স্বৈরাচারকে’ বিদায় করেছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তারেক রহমান বলেন, বিএনপিকে দায়িত্ব দেওয়ার পর দলটি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অতীতের পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হবে।
‘অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে’
কিছু রাজনৈতিক দল বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে বক্তব্যে তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি; ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো কর্মসূচিতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে এর ক্ষতি দেশের মানুষেরই হবে।
১৯৭১ সালে একটি রাজনৈতিক দলের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি ওই দলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও করেন। একই সঙ্গে বর্তমানে একটি ‘গুপ্তবাহিনীর’ সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে বলে দাবি করেন তিনি।
তবে বিষয়টি তদন্তাধীন উল্লেখ করে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তারেক রহমান। তিনি বলেন, যারা অন্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, তাদের আগে নিজেদের ঘরের দিকে নজর দেওয়া উচিত।
ফেনীতে দিনব্যাপী কর্মসূচি
এর আগে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরশুরামের কর্মসূচি শেষে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
দিনের শেষভাগে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
-স্বাধীন/এস
‘আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি’: ফেনীতে প্রধানমন্ত্রী

